২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুতের উৎপাদন কম, লোডশেডিং

জ্বালানি সংকটে চট্টগ্রামের তিনটি গ্যাসভিত্তিক সরকারি বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট বন্ধ রয়েছে। ফলে এ অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন মোট সক্ষমতার অর্ধেকেরও নিচে নেমে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 11:19 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

আর বিদ্যুতের অভাবে দিন-রাত মিলিয়ে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। লোডশেডিংয়ে নগরীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

চট্টগ্রামের সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রধান প্রকৌশলী স্বপন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে সাড়ে সাতশ’ মেগাওয়াট। গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোও বন্ধ রয়েছে।

চাহিদার ১৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলে গড়ে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে মনে করেন তিনি।

তবে রোববার রাত পর্যন্ত দিনের মোট বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ৪৫৬ মেগাওয়াট।

শনিবারও নগরীর এনায়েত বাজার এলাকায় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের যাওয়া-আসা করেছে ৬ বার। আন্দরকিল্লা এলাকায় বিদ্যুৎ গেছে ৮ বার।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার একই এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আট থেকে ১০ বার বিদ্যুৎ গেছে। এসব এলাকা ১২ ঘণ্টায় বিদ্যুৎহীন ছিল সাড়ে ৫ থেকে ৬ ঘণ্টা।

এ ছাড়া গত এক সপ্তাহে নগরীর অধিকাংশ এলাকায় ২৪ ঘণ্টায় গড়ে লোডশেডিং ছিল ১২ থেকে ১৪ ঘণ্টা।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম পিডিবির এক কর্মকর্তা জানান, গত বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রামে মোট ছয়শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে সরবরাহ করা হয় মাত্র ৩৭৩ মেগাওয়াট। আর সে কারণেই অত্যাধিক লোডশেডিং হয়েছে বলে জানান তিনি।

সাধারণত চট্টগ্রাম কেন্দ্রগুলোতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর সেখান থেকে নিয়ন্ত্রিতভাবে আবার সরবরাহ করা হয়।

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি-বেসরকারি মিলিয়ে চট্টগ্রামের ১০টি বিদ্যুৎ কেন্দ্রের ১৪টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১১শ’ ৭২ মেগাওয়াট যার ৫৭০ মেগাওয়াটই গ্যাসভিত্তিক উৎপাদন কেন্দ্র থেকে আসার কথা। বাকি ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আসে অন্যান্য উৎপাদন কেন্দ্র থেকে।

চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ছয়টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৩৬০ মেগাওয়াট ক্ষমতার রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট, ৬০ মেগাওয়াট শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার শিকলবাহা পিকিং বিদ্যুৎ কেন্দ্রেগুলো চলে গ্যাসে। জ্বালানির অভাবে বর্তমানে তিনটি বিদ্যুৎ কেন্দ্রই বন্ধ রয়েছে। বেসরকারি মালিকানাধীন ৫৫ মেগাওয়াট ক্ষমতার শিকলবাহা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটিও বন্ধ।

পিডিবির (বিতরণ-দক্ষিণাঞ্চল) জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালু থাকা সরকারি কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্র, হাটহাজারী ও দোহাজারি এবং বেসরকারি জুলধা, রিজেন্ট ও মালঞ্চ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন পাঁচশ থেকে সর্বোচ্চ ৫২৫ মেগাওয়াটের মতো।

এর মধ্যে কাপ্তাইয়ের কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মোট ক্ষমতা ২৩০ মেগাওয়াট। কিন্তু দীর্ঘ দিন একটি ইউনিট বন্ধ থাকায় চালু চারটি ইউনিট থেকে পাওয়া যাচ্ছে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ।

তেল নির্ভর হাটহাজারী, দোহাজারি ও জুলধার উৎপাদন ক্ষমতা ১০০ মেগাওয়াট করে। রিজেন্ট থেকে পাওয়া যায় গড়ে ২০ মেগাওয়াট। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়া জাতকরণ এলাকার (সিইপিজেড) নিজস্ব কেন্দ্র মালঞ্চ থেকে জাতীয় গ্রিডে যোগ হয় ২৫ থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ।