যশোর পলিটেকনিকে শ্রমিকদের ভাঙচুর
যশোরে পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুরের পর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে পরিবহন শ্রমিকরা।
বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে রোববার বেলা ১১টার দিকে বিক্ষোভ করে যশোর পলিটেকনিক ইন্সটিটিউট ও বাংলাদেশ কম্পিউটার ম্যানেজমেন্ট কলেজের ( বিসিএমসি) শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা এক পর্যায়ে দুটি ট্রাক ও তিনটি বাস ভাঙচুর করলে পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
তারা ছাত্রদের প্রতিরোধে এগিয়ে এলে দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিসিএমসি কলেজের অধ্যক্ষ এমএম রেজাউল কবির জানান, শ্রমিকরা তাদের দুই ক্যাম্পাসে হামলা চালিয়েছে। একটি ক্যাম্পাসে শিক্ষার্থী বহনের তিনটি বাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে তারা।
তারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষে ঢুকে চেয়ার, টেবিল এবং কম্পিউটারও ভাঙচুর করে।
