২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুকাণ্ডের বর্ষপূর্তিতে সম্প্রীতির বন্ধন

কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে মানববন্ধন করেছে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 09:23 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার বিকালে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে এ মানববন্ধনে অন্যান্য সম্প্রদায়ের অনুসারিরাও অংশ নেন।

গত বছর ২৯ সেপ্টেম্বর সাম্প্রদায়িক হামলায় রামু ও উখিয়া উপজেলার বৌদ্ধ বসতি ধ্বংসস্তূপে পরিণত হয়। ফেইসবুকে কোরআন অবমাননাকর ছবি প্রকাশ করার অভিযোগ তুলে ধর্মীয় উগ্রপন্থীরা ওই হামলা চালায়।

‘এক মুঠো বৌদ্ধ তরুণ’ নামের একটি সংগঠন আয়োজিত মানববন্ধনের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এছাড়া সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলনও করে তারা।

মানববন্ধনে অংশ নিয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশ ঐতিত্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু মাঝে মধ্যে কিছু স্বার্থন্বেষী মহল নিজেদের ফায়দা লুটার জন্য এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালায়।

বক্তারা আরো বলেন, রামু, উখিয়া ও পটিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের কারণে সভ্যতা, কৃষ্টি ও পুরাকীর্তি ধ্বংস হয়েছে। বাঙালির চেতনা ও ঐতিহ্য ক্ষতবিক্ষত হয়েছে।

প্রতিহিংসা থেকে মুক্তির জন্য পরিবারের অভিবাবকদের পাশাপাশি ধর্মীয় গুরু, শিক্ষকসহ সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মানববন্ধনকারীরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, নন্দনকানন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রিয় রত্ন, মুদিত বংশ, সম্বন্বয়কারী বিপ্লব বড়ুয়া, কোটিল বড়ুয়া, প্রকৌশলী শাবু বড়ুয়া।