ডেসটিনির শিরিনকে আত্মসমর্পণের নির্দেশ
অর্থ আত্মসাতের একটি মামলায় ডেসটিনি মাল্টি পারপাস কো-অপারেটিভ লিমিটেডের নির্বাহী সদস্য শিরিন আক্তারকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেয়। একই সঙ্গে শিরিন আক্তারের জামিনের আদেশ স্থগিত করা হয়েছে।
আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
তিনি আদেশের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। আদালতে শিরিনের পক্ষে এএম আমিন উদ্দিন শুনানি করেন।
এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান বলেন, আদালতের আদেশের কপি পাইনি। পেলে জামিন স্থগিতের মেয়াদ এবং আত্মসমর্পণের সময়সীমা জানা যাবে।
গত ২২ সেপ্টেম্বর শিরিন হাই কোর্ট থেকে জামিন পেয়ে পরে কারাগার থেকে বেরিয়ে আসেন।
কলাবাগান থানায় দায়ের হওয়া অর্থ আত্মসাতের একটি মামলার আসামি শিরিনকে গত ২৭ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রিমান্ডেও নেয়া হয়।
এ মামলায় গ্রেপ্তার ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও পরিচালক দিদারুল আলম বর্তমানে কারাগারে আছেন।
কিছু দিন কারাবাসের পর জামিনে ছাড়া পান ডেসটিনির সভাপতি সাবেক সেনা প্রধান হারুন-অর রশীদ।
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ডেসটিনির ২২ পরিচালকের বিরুদ্ধে গত বছরের ৩১ জুলাই দুটি মামলা করে দুদক।
