২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনসংখ্যা নিয়ন্ত্রণে বাধা শফী সাহেবরা’

হেফাজতের আহমদ শফীর মতো ধর্মীয় নেতাদের ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে বাধা’ হিসেবে আখ্যায়িত করেছেন সরকার দলীয় এক সংসদ সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার সংসদ ভবনের শপথ কক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সংসদ সদস্য সিরাজুল আকবর বলেন, “শফি সাহেবরা মেয়েদের ১৫ বছরের মধ্যে বিয়ে দেয়ার ফতোয়া দিয়েছেন। মেয়েদের তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন। তাদের ঘরে বন্দি রাখতে চান।”

মাগুরা-১ আসনের এই সংসদ সদস্য আরো বলেন, “এমনিতেই গ্রামের মানুষজন তাদের কন্যা সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় থাকেন। এরমধ্যেই যদি শফী সাহেবরা এই তত্ত্ব দেন তাহলে গ্রামের মানুষ ১৫ বছরের মধ্যে মেয়েদের বিয়ে দিতে তৎপর হয়। এরফলে জনসংখ্যা নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাবে।”

সম্প্রতি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে হেফাজতের আমির আহমদ শফী মেয়েদের ১৫ বছরের মধ্যে বিয়ে দেয়ার পরামর্শ দিতে দেখা যায়।

ওই ভিডিওচিত্রে তিনি মেয়েদের তেঁতুলের সঙ্গেও তুলনা করেন।

আহমদ শফীর এই বক্তব্য প্রচারের পর দেশের বিভিন্ন মহলে সমালোচনা ঝড় ওঠে, যা সংসদ অধিবেশনে গড়ায়।

পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ সিরাজুল বলেন, “মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গী পাল্টাতে হবে। মানসিকতার পরিবর্তন না ঘটালে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে না।”

সংসদ সদস্য রওশান জাহান সাথী বলেন, “গোটা সমাজের মানসিকতা পরিবর্তন করতে হবে। ছেলে সন্তান না হওয়া পর্যন্ত সন্তান নিতে থাকার মানসিকতার পরিবর্তন ঘটতে হবে।”

সরকারি ও বেসরকারি পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে কর্মরত মাঠকর্মীদের আধুনিক শিক্ষা দেয়ার কথাও তুলে ধরেন সাথী।

আওয়ামী লীগ দলীয় সাংসদ মাহাবুব আরা বেগম গিনি বলেন, “স্কুল পর্যায় থেকে জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে শিক্ষা দিতে হবে। পাঠ্যপুস্তকে এসব বিষয় অন্তর্ভুক্ত করা যায় কি না দেখতে হবে। এমনিতেই অল্প বয়সীদের মধ্যে এখন বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক বেড়ে গেছে। এর ফলে অনেক কমবয়সীরাও বিয়ে করতে করতে বাধ্য হচ্ছে।”

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, “সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতিও পরিবর্তন হয়। এটা বন্ধ করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নীতি নিয়েছিলো পরবর্তীতে জেনারেল জিয়া ও এরশাদ সেটাকে গুরুত্ব দেয়নি।”

আওয়ামী লীগের জোবেদা খাতুনও পরিকল্পনাকে দলীয় দৃষ্টিভঙ্গীর ‘ঊর্ধ্বে’ রাখা উচিত বলে মন্তব্য করেন।

জাতীয় সংসদ সচিবালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলে যৌথ আয়োজনে ‘চ্যলেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড অব পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইসুজ’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফজিলাতুন নেসা ইন্দিরা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব ও পপুলেশন কাউন্সিল বাংলাদেশের উপদেষ্টা এ কে এম জাফর উল্লাহ খান।

সংসদ সচিব মো. আশরাফুল মকবুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদা রহমান, পপুলেশন কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রব, সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ।