২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতেও পলিটেকনিক শিক্ষার্থী-পুলিশ সংষর্ষ

দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও পুলিশের সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 03:48 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

পুলিশ জানায়, রোববার নগরীর শালবাগান এলাকায় এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্তে ঢাকা, কুমিল্লা, পটুয়াখালী এবং সিরাজগঞ্জেও কর্মসূচি চলাকালে অবরোধ, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করাদের ডিপ্লোমা পদমর্যাদা বহাল রাখার দাবিতে দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ অবরোধ-বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

নগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইদুর রহমান জানান, ১০টার দিকে শালবাগান এলাকায় রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা তাদের সেমিস্টার পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করে।

পরে তারা রাজশাহী-নওগাঁ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে বেলা ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।

সংঘর্ষ চলাকালে পুলিশ রাবার বুলেট ও টিয়ারেশেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আবদুল জলিল বলেন, কারিগরী শিক্ষা বোর্ডে আজ থেকে শুরু হওয়া পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। সকাল ১০টা ও ২টা থেকে দুই শিফটে বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল।