রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর মগবাজারে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে মগবাজারের এসআর টাওয়ার থেকে আব্দুল্লাহ মাসুদ মুন্নার (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে রমনা থানা পুলিশ ১০ জনকে আটক করলেও রাত ১২টা নাগাদ তাদের নাম জানাতে রাজি হয়নি।
মুন্না মগবাজারে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি মানসিক রোগাক্রান্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
কিছু লোক তাকে চোর দাবি করে পিটিয়ে হত্যা করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের রমনা জোনের এসি এসএম শিবলী নোমান।
তবে ঘটনার বিস্তারিত জানাতে রমনা থানায় একাধিকবার ফোন করা হলেও হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি ডিউটি অফিসার মো. আশরাফুল ইসলাম।
রাত সাড়ে ১২টায় পুলিশ কর্মকর্তা নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় এসআর টাওয়ারের ‘জাজ প্রোডাকশন’ হাউস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তির গাড়ির কাঁচ ভাঙেন মাসুদ। পরে তাকে ভবনটির একটি কক্ষে নিয়ে হাত, পা, মুখ বেধে প্রচণ্ড মারধর করে প্রতিষ্ঠানটির কর্মীরা। এতে ঘটনাস্থলেই মাসুদ প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
