২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের তদন্ত কেন নয়’

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের ক্ষমতার সেনাবাহিনীর সদস্যদেরও আনার দাবি জানিয়েছেন সরকার দলীয় একজন সংসদ সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার মানবাধিকার বিষয়ক জাতীয় সম্মেলনে ফজলে রাব্বি মিয়া এ দাবি করেন। 

সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক তার বক্তব্যে পুলিশ, বিডিআর, র‌্যাবের বিষয়ে মানবাধিকার কমিশন যেন তদন্ত করতে পারে- আইনে সে সংক্রান্ত সংশোধনী আনার দাবি জানান।

এ সময় তিনি সেনাবাহিনীর বিষয়টা ভিন্নভাবে দেখা যেতে পারে বলে মত দেন।

তার বক্তব্যের মাঝেই ফজলে রাব্বি মিয়া বলে উঠেন, হোয়াই নট আর্মড ফোর্সেস?

অনুষ্ঠানে রিয়াজুল হক বলেন, “সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয়টা আমরা তদন্ত করতে পারি না। আইন অনুসারে সরকারের কাছেই সেই প্রতিবেদন চাইতে হয়।

“এখন বলেন একজন পুলিশ সদস্যের মানবাধিকার লঙ্ঘনের পর আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে আবেদন করলাম। সেটা সচিব-পুলিশের দপ্তর ঘুরে তদন্তের জন্য সেই পুলিশের ওসির কাছেই যাবে। সেনাবাহিনীর বিষয়টা না হয় ভিন্নভাবে দেখা যেতে পারে।”

ফজলে রাব্বি মিয়ার প্রশ্নের জবাবে রিয়াজুল হক বলেন, “ঠিক আছে, সেনাবাহিনী সিভিলিয়ানদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা করলে সেটাও যেন মানবাধিকার কমিশন তদন্ত করতে পারে। আইন সেভাবে সংশোধন করতে হবে। আর ক্যান্টনমেন্টের বিষয় তাদের আর্মি অ্যাক্টে হতে পারে।”

অনুষ্ঠানে আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলম বলেন, “জাতীয় মানবাধিকার কমিশন আইন হওয়ার সময় ভারতের আইনটি আমরা দেখেছি। সেনাবাহিনীর বিষয়টা আনা যাবে না, সেটা বলছি না। তবে সেখানেও সেনাবাহিনীর বিষয়টা ওইভাবে নাই। তবে এখনো আইনগত দিক থেকে আমরা পিছিয়ে আছি। আইন পরিবর্তন করে পুলিশ, বিডিআর, র‌্যাবকে মানবাধিকার কমিশনের তদন্তের আওতায় আনা যেতে পারে।”

আইনের দীর্ঘ দিনের এই শিক্ষক বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বড় একটি অংশজুড়ে রয়েছে নারীর মানবাধিকার লঙ্ঘন। সব ধর্ম, সব জাতিগোষ্ঠীর মধ্যেই নারীর নির্যাতিত হয়। এক্ষেত্রে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ। ধর্মকে অপব্যাখ্যা করে নারীদের অধিকার লঙ্ঘন করা হয়।

“এ জন্য ধর্মগ্রন্থগুলোর একটা যৌক্তিক ব্যাখ্যা আমাদেরকে দাঁড় করাতে হবে। যদিও এটা খুবই স্পর্শকাতর বিষয়। কিন্তু তারপরও এটা করতে হবে।”

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

অন্যদের মধ্যে রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজুরুল ইসলামও বক্তব্য রাখেন।