শেখ হাসিনার জন্মদিন পালিত
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।
শনিবার রাজধানীতে একাধিক অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রীর হাতকে শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন দলের বিভিন্ন স্তরের নেতারা। অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা আলোচনার ভিত্তিতে সমাধানের কথাও বলেছেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা নিউ ইয়র্ক রয়েছেন। সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।
সন্ধ্যায় দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের দিয়ে কেক কাটেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এ সময় আশরাফ উপস্থিত সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে এবং সাংবিধানিকভাবে যথাসময়ে হবে।
এর আগে দলীয় নেত্রীর জন্মদিন উপলক্ষে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও প্যাগোডাসহ উপাসনালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল, বস্ত্র ও খাবার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত হয় মিলাদ।
ধানমণ্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ ষড়যন্ত্রের ছেড়ে আলোচনার মাধ্যমে কীভাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা যায় তা নিয়ে সংসদে আলোচনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে শিশু কিশোর সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
শিরিন আকতার মঞ্জুর সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. ফারুক খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য বাবু সতীশ চন্দ্র রায়, অধ্যাপক দূর্গাদাস ভট্টাচার্য, এ কে এম নূর-উন-নবী, মো. মনিরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।
