চবিতে ছাত্র ইউনিয়নের সম্মেলন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।
শনিবার দুপুরে চবি রেল স্টেশন চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন শহীদ জায়া মুশতারী শফী।
এসময় তিনি বিশ্ববিদ্যালয়েরর মূল ক্যাম্পাসে সম্মেলন করতে না দেয়ায় চবি প্রশাসনের প্রতি নিন্দা জানান।
মুশতারী শফী বলেন, “শত বাধার পরও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
“দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রত্যেকটি গণ আন্দোলনে ভূমিকা রেখেছে ৫২’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে উঠা এ ছাত্র সংগঠনটি।”
ক্যাম্পাসের ভেতরে সম্মেলন করার অনুমতি না দেয়ার ঘটনা ‘ন্যাক্কার জনক’ আখ্যায়িতক করে শহীদ জায়া বলেন, “আশা করি মৌলবাদি পরিবেশ ছেড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল পরিবেশ সৃষ্টি হবে।”
চবি ছাত্র ইউনিয়নের সভাপতি সুবর্ণা ধরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ, সহ-সভাপতি আরিফুল ইসলাম নাদিম, তৌহিদ টিপু, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবিব, চবি সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল সামির প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পর সাংস্কৃতিক ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী এবং সাংস্কৃতিক সংগঠন ‘অন্ধজানের’ পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার নগরীর স্টুডিও থিয়েটারে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
