রোকেয়া শিক্ষক-শিক্ষার্থীদের তিস্তা বাঁচাও আন্দোলন
তিস্তার পানিবন্টন চুক্তি বাস্তবায়নের দাবিতে তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ব নদী দিবসকে (২৯ সেপ্টেম্বর) সামনে রেখে শনিবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
বিশ্ব নদী দিবস ২০১৩ উদযাপন উপলক্ষে দুদিনের কর্মসূচি গ্রহণ করে রিভাইন পিপল রংপুর বিভাগ নামের একটি সংগঠন। তাদের উদ্যোগে ক্যাম্পাসে এই মানবন্ধন ও সমাবেশ হয়।
সমাবেশে সংগঠনের কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, উত্তরের জীবনরেখা তিস্তাকে বাঁচিয়ে রাখতে না পারলে উত্তর জনপদ বাঁচবে না। এ জনপেদকে বাঁচিয়ে রাখার স্বার্থে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তার পানি বণ্টন চুক্তি জরুরি।
সমাবেশে বাংলা বিভাগের প্রধান ড. নাজমুল হক, সহকারী অধ্যাপক ড. নিত্য ঘোষ, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিউর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আপেল মাহমুদ, শাহীনুর রহমান, উমর ফারুক, রিভারাইন পিপলের সদস্য জামিল সারোয়ার আহাদ, কায়সার আলম ও মঞ্জুর আরিফ বক্তব্য দেন।
তাদের রোববারের কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনে ‘তিস্তা বাঁচাও’ শীর্ষক সেমিনার এবং ৪টায় তিস্তা অভিমুখে শিক্ষক-শিক্ষার্থীদের যাত্রা।
