পুলিশের চড়ের প্রতিবাদে দিনাজপুরে বাস বন্ধ
এক বাসচালকের সহকারীকে পুলিশ সদস্য চড় দেয়ার পর সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে দিনাজপুরের পরিবহন শ্রমিকরা।
শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া আকস্মিক এ ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
দিনাজপুর থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস দিনাজপুর-রংপুর সড়কের রাবেয়া মোড় দিয়ে যাওয়ার সময় পুলিশ সুপারের গাড়ির সামনে থামিয়ে যাত্রী নামায়।
দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সময় এসপি সারোয়ার মোর্শেদ শামীম চালককে ডেকে রাস্তার ওপর যাত্রী নামানোর জন্য ভর্ৎসনা করেন। পুলিশ সুপারের দেহরক্ষী কনস্টেবল শাহিন হোসেন বাসের হেলপার এনামুলকে চড় মারেন।
এর পর পুলিশ সুপারের নির্দেশে বাসটিকে সৈয়দপুরে পুলিশ আটক করে থানায় নেয়ার চেষ্টা করলে সেখানে পরিবহন শ্রমিকদের বাধায় ছেড়ে দিলে বাসটি দিনাজপুর ফিরে আসে।
“এরপর থেকে ঘটনার বিচার দাবিতে করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে,” জানিয়ে ফজলে রাব্বি বলেন, দায়ী কনস্টেবলের বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। অচলাবস্থা নিরসনের চেষ্টা চলছে।
