‘বন্দুকযুদ্ধের’ পর ১৬ নৌ-ডাকাত গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘বন্দুকযুদ্ধের’ পর ১৬ নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনী।
গ্রেপ্তারদের মধ্যে গত মার্চ মাসে বাঁশখালীর সমুদ্র উপকূলে ২৭ জন মাঝি-মাল্লা হত্যার অন্যতম আসামি রহিমা বেগমও (৫০) রয়েছেন বলে জানিয়েছে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) কর্মকর্তারা।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাঁশখালী উপজেলার উপকূলবর্তী এলাকা ছনুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যান্যরা হলেন, রহিমার ভাই আবদুর রহিম, বোন সৈয়দা, মো. হোসাইন, আবু হানিফ, রবি আলম , বেলাল উদ্দিন, আলী আকবর, সিহাব উদ্দিন, আহসান, বাইশ্যা ডাকাতের ছেলে মো. হেকাব, কফিল উদ্দিন, রোকেয়া, হানিফা, জামাল উদ্দিন, আহমদ উল্লাহ।
এসময় তাদের কাছ থেকে দুইটি এলজি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
উপকূল রক্ষী বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামে বাইশ্যা ডাকাতের আস্তানায় অভিযান চালানো হয়।”
এসময় উপকূল রক্ষী বাহিনীর অবস্থান টের পেয়ে তাদের উপর হামলা চালায় জলদস্যুরা।
উভয় পক্ষের গুলি বিনিময়ের পর বাইশ্যা ডাকাতের বোন ও রহিমা বাহিনীর প্রধান রহিমা বেগমসহ ১৬ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়।
গত ২৫ মার্চ বাঁশখালীর সমুদ্র উপকূলে ২৭ জন মাঝি-মাল্লা হত্যায় রহিমা বেগম জড়িত বলে জানিয়েছেন লে. কমান্ডার কেএম রশিদ।
