ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন শনিবার
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোট হবে শনিবার।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তিনটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক মো. আশরাফ আলী খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ০১ থেকে ১২৭৯৮ পর্যন্ত নম্বরধারী ভোটাররা টিএসসি কেন্দ্রে, ১২৭৯৯ থেকে ২৫৫২৪ নম্বরধারী ভোটারগণ শারীরিক শিক্ষা কেন্দ্রে এবং ২৫৫২৫ থেকে ৩৪৫৪৫ নম্বরধারী ভোটাররা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন।
আশরাফ আলী বলেন, যেসব ভোটাররা ভোটার কার্ড পাননি তারা ভোট শুরুর আগ পর্যন্ত প্রশাসনিক ভবনের ২১৪ নম্বর কক্ষে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।
উল্লিখিত কেন্দ্রসমূহে সুষ্ঠুভাবে ভোট নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
