‘মহাজোটে দীর্ঘদিন, এবার এককভাবে’
আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
সাম্প্রতিক সময়ে দলের চেয়ারম্যান এইচএম এরশাদ বলছেন তার দল এককভাবে নির্বাচন করবে।
শুক্রবার চাঁদপুর শহর জাতীয় পার্টির সম্মেলনে রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটে আছি দীর্ঘ সময় ধরে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে।
জাতীয় পার্টির নেতাকর্মীদের সাংগঠনিকভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, সারাদেশে জাতীয় পার্টির জোয়ার বইছে। জনগণ এখন দুই নেত্রীকে ছাড়া বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে চায়।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন, নেতা এমরান হোসেন, আ. হামিদ, জেলা সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান প্রমুখ।
