ধামরাইয়ে বস্তায় যুবতীর লাশ
ঢাকার ধামারাইয়ে বস্তায় ভরে রাখা এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকার পাল সিএনজি স্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ধামরাই থানার ওসি আব্দুর রশিদ জানান।
নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ২৪ বছর।
ওসি বলেন, পথচারীরা ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন পাল সিএনজি স্টেশনের দক্ষিণ পাশে একটি চটের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার মুখ খুলে লাশ দেখতে পায়।
তিনি বলেন, লাশটি দেখে মনে হয়েছে ৪/৫ দিন আগে ওই যুবতীকে হত্যা করা হয়েছে। দুর্বত্তরা অন্য কোথাও হত্যার পর লাশটি সেখানে ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য দুপুরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা হয়েছে।
