হেরোইন-ইয়াবাসহ বিআরটিসি বাসচালক গ্রেপ্তার
রাজশাহীতে হেরোইন-ইয়াবাসহ বিআরটিসি বাসচালক ও তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা।
গ্রেপ্তারকৃতরা হলেন চালক বাদশা সরকার ও মাদক বিক্রেতা সাদিক হোসেন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর রাজপাড়া থানা এলাকার রায়পাড়ায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম হেরোইন ও ৯৯৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
রাজশাহী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম হোসেন জানান, চালকের আসনের নিচে দুইটি প্যাকেটে ৪০০ গ্রাম হেরোইন ও ৯৯৫টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
এ সময় চালক বাদশা সরকার ও তার পাশের আসনে বসা মাদক বিক্রেতা সাদিক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা নিয়ে যাওয়ার জন্য এসব মাদক রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিল বলে সাদিককে উদ্ধৃত করে আসলাম জানান।
