কয়েলের আগুনে স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক
রংপুরে কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর অবস্থার আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধান চন্দ্র রায় জানান, তার এলাকার খটখটিয়া গ্রামের বাসিন্দা আশেক আলী (৬৫) ও তার স্ত্রী নুরুন্নাহার বেগম (৫০) বৃহস্পতিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হন।
বিছানার পাশে কয়েল জ্বালিয়ে রেখে ঘুমালে ভোররাত ৪টার দিকে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে।
গুরুতর আহত দম্পতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নাহারের মৃত্যু হয়।
নুরুন্নাহার পক্ষাঘাতগ্রস্ত ছিলেন বলে জানান কাউন্সিলর।
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক মারুফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে আশেক আলীর সারা শরীর ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নুরুন্নাহারের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
