বছর পেরোলেও জট খোলেনি করবী হত্যার
চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আলোচিত মামলার তালিকায় থাকলেও রাজধানীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাসনিম রহমান করবীর হত্যারহস্যের কিনারা হয়নি এক বছরেও।
গত বছর ২৪ সেপ্টেম্বর হাজারীবাগের ভাগলপুর লেনে নিজের শোবার ঘরে নিহত হয় করবী (১২)। প্রথমে শ্বাসরোধ এবং পরে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে ধারণা পুলিশের।
ঢাকা বারের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ ও মিজানুর রহমানের মেয়ে করবী পিলখানা মুন্সী আব্দুর রউফ স্কুল ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়তো। গুরুত্ব বিবেচনায় মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে নেয়া হয়।
গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত করলেও এলাকার বখাটে- নাকি চোর ডাকাতের হাতে করবী খুন হয়েছে সে উত্তরও পায়নি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকারীদের সনাক্ত করা খুব জটিল হয়ে পড়েছে। কারণ এলাকার কেউ তেমন করে তদন্তে সাহায্য করছেন না। জিজ্ঞাসাবাদে কেউ সাড়াও দিচ্ছেন না।”
এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, ওই বাড়ির ছয়তলায় খোলা অসম্পূর্ণ একটি ফ্লোরে মাদক সেবনকারীদের ফেলে যাওয়া ফেনসিডিলের বোতল ও হেরোইন সেবনের আলামত পাওয়া গেছে। কিন্তু তাদের সম্পর্কে এলাকার কেউ মুখ খুলছে না।
“তাই কোনো সূত্রও মিলছে না। তবে আমি আপ্রান চেষ্টা করে যাচ্ছি।”
নিহতের কয়েকজন নিকট আত্নীয় তদন্ত কর্মকর্তার এ বক্তব্যের বিরোধিতা করেন। কর্মকর্তা তদন্তে যথেষ্ট মনোযোগ ও সময় দিচ্ছেন না বলে অভিযোগ তাদের।
মামলার নথিপত্র থেকে জানা যায়, হত্যাকাণ্ডের পর পুলিশ সন্দেহজনকভাবে এলাকার বেশ কয়েকজন বখাটেকে গ্রেপ্তার করে।
এদের মধ্যে সাইফুর, পলাশ, শামীম, ভুট্টু, কামরুল, হান্নান ও হাসেম বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তাদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ। অথচ তাদের কয়েক দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
এলাকার বখাটেরা করবীকে মাঝে মধ্যে উত্যক্ত করতো বলেও মামলায় উল্লেখ করা হয়।
ভাগলপুরের ছয়তলা বাড়ির তিনতলায় করবীরা থাকতো। তিন কক্ষের ফ্ল্যাটের একটিতে বাবা- মা , অন্য একটিতে করবী থাকতো। নিজের ঘরেই খাটের উপর করবীর লাশ পাওয়া যায়।
এজাহারে বলা হয়, হত্যাকাণ্ডের আগে নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করেছে করবী। খুনিদের সঙ্গে ধস্তাধস্তির কারণে জানালার পর্দাও ছিড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেনি সে। শ্বাসরোধ করার পর বটি দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
করবীকে হত্যার পর তার বাবা-মায়ের শোবার ঘরের খোলা আলমারি থেকে চার ভরি সোনার গয়না ও কিছু টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
ওই ভবনেরই চতুর্থ তলায় করবীর নানীর বাসা । করবী ও তার ভাইকে নানীর বাসায় রেখে পুরান ঢাকার আদালতে যাওয়া আসা করতেন অরেঞ্জ ও মিজানুর। ঘটনার দিন করবী স্কুলেও গিয়েছিল। ছুটির পর দুপুরে বাসায় ফেরে। বিকেলে একা বাসায় থাকার সময় খুন হয় মেয়েটি।
এ বিষয়ে করবীর মা আফরোজা ফারহানা অরেঞ্জ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোয়েন্দা পুলিশের সহকারী উপ-কমিশনার মোখলেসুর রহমান মামলার তদন্ত দেখভাল করছেন। তিনি একজন অভিজ্ঞ ও দক্ষ পুলিশ কর্মকর্তা। খুনি একটি না একটি ক্লু ফেলে গেছেই। আজ হোক, কাল হোক খুনির দেখা মিলবেই।”
সহকারী উপ-কমিশনার মোখলেসুর রহমান বলেন, “আমাদের দুর্ভাগ্য যে, আমরা এখনো এ হত্যার উদ্দেশ্য ধরতে পারিনি। তবে আমরা করবীর বন্ধুমহল, এলাকার বখাটে, মাদকসেবী, আত্মীয় সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি ও করছি। ধর্ষণের পর হত্যা না কি চুরি-ডাকাতির ধারাবাহিকতা থেকে তা নিয়ে আমাদের তদন্ত চলছে।”
