নাজিরপুরে সাংসদপন্থীদের উপর ‘যুবলীগের’ হামলা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় সরকারদলীয় এক সাংসদের সমর্থক ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার শ্রীরামকাঠী বন্দরে সরকারদলীয় সাংসদ শাহ আলমের প্রচারণায় এ হামলা চালানো হয়।
ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা এ হামলায় চালায় বলে অভিযোগ করেন শাহ আলম। তবে, যুবলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি নির্বাচন কমিশন পিরোজপুর-১ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করে।
গেজেটে পিরোজপুর-২ আসনের নেছারাবাদ উপজেলা পিরোজপুর-১ আসনের অন্তর্ভুক্ত করা হয়।
ফলে পিরোজপুর-২ আসনের সাংসদ শাহ আলম ও পিরোজপুর-১ আসনের সাংসদ আউয়াল একই নির্বাচনী আসনের (পিরোজপুর-১) অন্তর্ভুক্ত হন।
নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের পিরোজপুর-নাজিরপুর ও নেছারবাদের বিভিন্ন এলাকায় দুই সাংসদের কর্মীরাই প্রচারণা চালাচ্ছেন।
শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নেছারাবাদ উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে নাজিরপুর উপজেলায় গণসংযোগের জন্য শ্রীরামকাঠী বাজারে গেলে আউয়ালের সমর্থক স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে তার ৩০ নেতাকর্মীকে আহত হন।
এ সময় নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এলেও কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ করেন শাহ আলম।
আহতদের মধ্যে রয়েছেন সারেংকাঠী ইউপি চেয়ারম্যান মো. সায়েম (৫০), যুবলীগ নেতা পঙ্কজ (৩৫), জাকির (৩০), আজমল (২৫), জয় সুতার (৩২), ফিরোজ (৪০) ও সবুজের (২৫)।
অবশ্য নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন কাজী জানান, হামলার ব্যাপারে তারা জড়িত নন। বহিরাগত কেউ এ হামলা করতে পারে।
নাজিরপুর থানার ওসি আব্দুল খালেক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।
