২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দিদের পোশাক তৈরির প্রশিক্ষণ চালু করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 08:31 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

বুধবার দুপুরে আইজি প্রিজন্স মো. আশরাফুল ইসলাম খান কাশিমপুর কারাগার চত্ত্বরে গার্মেন্ট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, কারাবন্দিদের মুক্তি পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে কাশিমপুর কারাগারে পোশাক তৈরি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হল। প্রশিক্ষণ নিয়ে বন্দিরা ভবিষ্যতে বাইরের কোনো কারখানায় কাজ করে স্বাবলম্বী হতে পারবেন।

তিনি আরো বলেন, সরকার দেয়া সুতা থেকে থান কাপড় তৈরি করেছে বন্দিরা। নারায়ণগঞ্জের কারাগারে জামদানি, ময়মনসিংহের কারাগারে জুতা ও ঢাকা কারাগারে ম্যুরাল তৈরি হচ্ছে। এখন থেকে এই কারাগারে গার্মেন্ট ট্রেনিং সেন্টারটি নতুন করে যুক্ত হল।

কাশিমপুর কারাগারের তত্ত্ববধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, গার্মেন্ট ছাড়াও ফার্নিচার তৈরি, ঘড়ি, টেলিভিশন মেরামতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে বন্দিদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার ক্ষেত্রে কর্তৃপক্ষ আরো একধাপ এগিয়ে গেল।

এসময় অনুষ্ঠানে ডিআইজি প্রিজন্স মো. গোলাম হায়দার, কাশিমপুর মহিলা কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক  মো. আলতাফ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।