ঠিকাদারের হাতে প্রহৃত প্রকৌশলী
‘কাজ না দেয়ায়’ রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রকৌশলীকে পেটানোর অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে।
বুধবার সকালে নগরীতে বিএমডিএ প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএমডিএর চাঁপাইনবাগঞ্জ জোনের প্রকৌশলী আকবর হোসেন বলেন, বৈদ্যুতিক সামগ্রী ক্রয়ের কাজ না দেয়ায় তাকে মারপিট করেন ঠিকাদার আরিফুল ইসলাম গামা।
তিনি বলেন, বৈদ্যুতিক সামগ্রী ক্রয়ের কার্যাদেশে নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর নেয়ার জন্য যাওয়ার সময় মহানগরীর আমবাগানে অবস্থিত বিএমডিএর প্রধান কার্যালয়ের সিঁড়িতে আরিফুল ইসলাম আমাকে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।
“এর এক পর্যায়ে আমাকে মারতে মারতে সিঁড়ির নিচে নামিয়ে দেন। এ সময় অন্য কর্মচারীরা ছুটে এলে গামা পালিয়ে যান,” বলেন তিনি।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
