২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্ট শ্রমিককে ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

দুই শ্রমিককে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 07:21 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রানা, মো. পারভেজ ও মো. নাছির।

ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপক্ষের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত হযরত আলী, মিঠুন, লিটন ও সোহেল নামে চারজনকে বেকসুর খালাস দেয়। 

২০১১ সালের ২৮ অক্টোবর দুই পোশাক শ্রমিক কালি পূজা দেখে বাসায় ফেরার পথে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাদের তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনার পরদিন ধর্ষিতদের একজন বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন।

২০১২ সালের ৮ ফেব্রুয়ারি পুলিশ সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। একইবছর ৭ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

রাষ্ট্রপক্ষের পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত রায় ঘোষণা করে। এ সময় দণ্ডপ্রাপ্ত পারভেজ ও রানা আদালতে হাজির থাকলেও অন্যরা পলাতক ছিলেন।