রোখসানার মৃত্যু: বাসচালকের নামও জানতে পারেনি পুলিশ
রাজধানীর কমলাপুরে রোখসানা বেগমকে ধাক্কা দেয়া বাসের চালককে ২৪ ঘণ্টায়ও সনাক্ত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সকালে রোখসানা নিহত হওয়ার পর আনন্দ পরিবহনের ওই বাসটি আটক করে পুলিশ। এটি এখন শাহজাহানপুর থানায় রয়েছে।
বাসচালককে আসামি করে মঙ্গলবার বিকালে রোখসানার স্বামী সাইফুল ইসলাম খান শাহজাহানপুর থানায় একটি মামলা করেছেন।
থানার ওসি জিয়াউজ্জামান বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িচালক ঘটনার পর থেকে পলাতক। তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।”
চালককে সনাক্ত করা গেছে কি না- জানতে চাইলে তিনি ‘না’ সূচক বক্তব্য দেন।
বাসটি নিতে আনন্দ পরিবহনের কেউ থানায় আসেনি। পুলিশের পক্ষ থেকেই আনন্দ পরিবহনের মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও কারো সাড়া মিলছে না বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা।
তিন সন্তানের জননী রোখসানা (৩৭) তার ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে রিকশায় চড়ে বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হন। তার ছোট মেয়ে নূশরাত সামিয়া (৫) গুরুতর কোনো আঘাত পাননি।
আইডিয়াল স্কুল ও কলেজে মেজ ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র মেহেদী হাসানকে স্কুলে দেয়ার পর নুশরাতকে শান্তিনগরের লিটল এঞ্জেলস স্কুল থেকে নিয়ে মাতুয়াইলের বাড়িতে ফিরছিলেন রোখসানা।
