২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে নিয়ে ফেরা হলো না রোখসানার

স্কুল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 06:43 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

শাহজাহানপুর থানার ওসি মো. জিয়াউজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোখসানা বেগম (৩৭) দুই সন্তানসহ রাজধানীর মাতুয়াইল এলাকায় বসবাস করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, আনন্দ পরিবহনের একটি বাসের ধাক্কায় রোখসানার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে মেজ ছেলে মেহেদী হাসানকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে রেখে এসে ছোট মেয়ে নুসরাত শামিয়াকে নিয়ে শান্তিনগরের লিটল অ্যাঞ্জেল স্কুল থেকে রিকশায় বাড়ি ফিরছিলেন রোখসানা। এ সময় পেছন থেকে বাসটি তাদের ধাক্কা দেয়।

স্থানীয়রা মা ও মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোখসানাকে মৃত ঘোষণা করেন।

মেয়ে নুসরাত সুস্থ আছেন বলে জানিয়েছেন পরিদর্শক মোজাম্মেল।