মাতৃসদনটি ফিরে চায় বরিশালবাসী
বরিশালে বন্ধ হয়ে যাওয়া আমানতগঞ্জ রেডক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র আবার চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
একটি মহল সেবামূলক এ প্রতিষ্ঠানকে ব্যক্তিস্বার্থে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
বুধবার সকালে নগরীর বেলতলা থেকে বাকলার মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন আমানতগঞ্জ রেডক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম কিবরিয়া মনু।
গোলাম কিবরিয়া মনু জানান, ১৯৩৭ সালে ব্রিটিশ নাগরিক হলিং বেরী স্বল্প খরচে হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে রেডক্রিসেন্ট হাসপাতাল নির্মাণ করেন।
পরে সেটি রেডক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়।
এখান থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে মা ও শিশুরা বহির্বিভাগে চিকিৎসা সেবা পেত। ৩ থেকে ৪ হাজার টাকায় প্রসূতি নারীদের অস্ত্রোপচার করা হতো।
“কিন্তু চলতি বছরের ৫ ফেব্রুয়ারি একটি কুচক্রী মহল স্বাস্থ্যসেবাকে পুঁজি করে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র বন্ধ করে দিয়ে ‘হলিং বেরী সৈয়দ মোয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে।”
রোগীদের কাছ থেকে ইচ্ছামাফিক ফি আদায় করছে তারা, যার ফলে গরীব রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
গোলাম কিবরিয়া মনু আরো জানান, বহির্বিভাগের ১০ টাকার ফি ৬০ টাকা করা হয়েছে। প্রসূতি নারীদের অস্ত্রোপচার খরচ এখন ১৮ থেকে ২০ হাজার টাকা।
এছাড়া বন্ধ করে দেয়া হয়েছে বিনামূল্যের ঔষধ সরবরাহ।
শিগগিরই রেডক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র চালু এবং রোগীদের আগের মতো সুযোগ-সুবিধা দেয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
