জামিন পাননি সাভারের পৌর মেয়র
সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহসহ তিন প্রকৌশলীর জামিন আবেদন ‘উপস্থাপিত হয়নি’ জানিয়ে খারিজ করেছে হাই কোর্ট।
তবে অন্য এক প্রকৌশলী ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
জামিন আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম এ আদেশ দেয়।
জামিন খারিজ হওয়া তিন প্রকৌশলী হলেন- ইনতেহাম হোসেন, মো. আলম মিয়া, মো. রফিকুল ইসলাম। এরা রাজউক ও পুলিশের দায়ের করা দুই মামলায় জামিন আবেদন করেছিলেন। উভয় আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ হয়।
এচাড়া সাভারের সাবেক পৌর মেয়র রেফাত উল্লাহও রাজউকের মামলায় জামিন চেয়েছিলেন। তার আবেদনও খারিজ করে দেয়া হয়।
অন্যদিকে সাভার পৌরসভার প্রকৌশলী রফিকুল হাসান রাসেল পুলিশের দায়ের করা মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন।
আদালতে রেফাত উল্লার পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল।
এর আগে ইমারত বিধি না মেনে সাভারের রানা প্লাজা নির্মাণ করার মামলায় গ্রেপ্তার ভবনমালিক সোহেল রানার বাবা মো. আবদুল খালেককে গত ১২ সেপ্টেম্বর জামিন দেয় হাই কোর্ট। তবে পুলিশের দায়ের করা অপর মামলায় তারা জামিন পাননি।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১১শ’র বেশি মানুষের মৃত্যু হওয়ার ঘটনায় সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ এই মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে।
রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে গত ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশলাফ খান অন্য মামলাটি দায়ের করেন।
রানা, রানার বাবা আব্দুল খালেকসহ মোট ছয় জনকে ওই মামলায় আসামি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে।
