সাতক্ষীরায় বাস ধর্মঘট প্রত্যাহার
দাবি মেনে নেয়ার আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, বুধবার সকাল থেকে সাতক্ষীরা থেকে সকল রুটে বাস চলাচল করছে।
তিনি বলেন, মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা প্রশাসক মুহা. আনোয়ার হোসেন ও পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে দোষীদের গ্রেপ্তার ও প্রধান সড়কে নসিমন করিমন চলাচল বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাসে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
সাইফুল আরো বলেন, “হরতালের নামে দিনের পর দিন জামায়াত-শিবিরকর্মীরা বাস, ট্রাক ও পরিবহনে অগ্নিসংযোগ এবং ভাংচুর করে আসছে। পরিবহন শ্রমিকদেরও মারপিট করে জখম করেছে। এসবের প্রতিবাদে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছিল।
সোমবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় বাস ও ট্রাক ভাংচুরের প্রতিবাদ এবং মহাসড়কে ইঞ্জিনচালিত ভ্যান, নসিমন, করিমন চলাচল বন্ধের দাবি সাতক্ষীরার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
এতে সংহতি প্রকাশ করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
