২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ ১৯ বাংলাদেশিকে এপাড়ে পাঠিয়েছে

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ১৯ বাংলাদেশিকে এপাড়ে পাঠিয়ে দিয়েছে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তের এপাড়ে আসার পর তাদের আটক করেছে বিজিবি।

যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তাদের সীমান্তের এপাড়ে ঠেলে দিয়েছে বলে বিজিবি অভিযোগ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪ ব্যাটালিয়ন বিএসএফের রামনগর ক্যাম্পের জওয়ানরা বকচর সীমান্তের ৩৪ নং পিলারের কাছ দিয়ে ১৯ বাংলাদেশিকে ঠেলে দেয়। বিজিবির বকচর বিওপি’র জওয়ানরা তাদের আটক করে হেফাজতে রেখেছে।

তিনি বলেন, আটকরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে গ্রেপ্তার হয়ে সাজা ভোগ করে। সাজা শেষে মঙ্গলবার রাতে বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তের এপাড়ে ঠেলে দেয়।

আটকদের পরিচয় যাচাইবাছাই হচ্ছে। এরপর তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।