গাজীপুরে আনসার ক্যাম্পের গুলি উদ্ধার
গাজীপুরে একটি পোশাক কারখানার আনসার ক্যাম্প থেকে লুট করা রাইফেলের ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোগড়া বাইপাস এলাকার কলোসাস এপারেলস কারখানার আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে সোমবার বিক্ষুব্ধ শ্রমিকরা ভোগড়া বাইপাস এলাকার কলোসাস এপারেলস নামের পোশাক কারখানার আনসার ক্যাম্পের ১৩৩ রাউন্ড গুলিসহ আটটি রাইফেল লুট করে। পরে রাইফেলগুলো পাওয়া গেলেও গুলিগুলো পাওয়া যাচ্ছিল না।
আরো ৯৪ রাউন্ড গুলির হদিস পাওয়া এখনো বাকি আছে।
ওই ঘটনায় সোমবার রাতে ক্যাম্পের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. জামিল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আট হাজার থেকে ১০ হাজার লোকের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
গাজীপুর সার্কেলের আনসার অ্যাডজুডেন্ট মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর তাকে প্রধান করে এবং গাজীপুর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নূর মোহাম্মদ ও আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. শহিদুল ইসলামকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করে দেন গাজীপুর জেলা আনসার কমান্ডেন্ট মীর আলমগীর হোসেন।
কমিটিকে তিন কার্যদিবস সময় বেঁধে দেয়া হয় বলেও তিনি জানান।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কলোসাস এপারেলস লিমিটেড ইউনিট-২-এর আনাসার ক্যাম্পে আন্দোলরত বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ভাংচুর করে এবং ১৩৩ রাউন্ড গুলিসহ রাইফেল ছিনিয়ে নেয়। পরে তারা কারখানার প্রধান ফটকের বাইরে বাইপাস সড়কের পাশে চারটি রাইফেল ভাংচুর করে অগ্নিসংযোগ করে এবং পরে সব রাইফেল পাশের ড্রেনে ফেলে দেয়।
এ সময় পাঁচজন আনসার সদস্য আহতও হয়।
