নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পটকা বিস্ফোরণ
নারায়ণগঞ্জ নগর ছাত্রদলের মিছিল থেকে পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পটকার শব্দে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বিভিন্ন দিকে ছোটাছুটি করে।
পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে একটি মামলার অভিযোগপত্রে আসামি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর ছাত্রদলের নেতাকর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ২নং রেলগেট ঘুরে মণ্ডলপাড়ার দিকে যাওয়ার সময় পর পর ৭/৮টি পটকা বিস্ফোরিত হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আবুল কাউসার আশা, রশিদুর রহমান রশু, সাহেদ আহম্মেদ, শেখ মোহাম্মদ অপু, মনগর ছাত্রদল নেতা এ এম এম সাগর, দিদার খন্দকার, জাকির হোসেন, রুবেল সর্দার, রাফিউদ্দীন রিয়াদ প্রমুখ।
এদিকে নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমাদের মিছিলের পেছন থেকে কে বা কারা পটকা ফাটিয়েছে তা আমরা জানি না।”
