বিবিসির প্রতিবেদন: পরিস্থিতি খতিয়ে দেখছে লিডল
বিবিসির প্রতিবেদনে হা মীম স্পোর্টসওয়্যারের শ্রমিক শোষণের যে অভিযোগ করা হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইউরোপের অন্যতম বৃহৎ একটি ক্রেতা প্রতিষ্ঠান।
মঙ্গলবার দ্য গ্রোসারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউরোপের বাজারে ছাড়ে পণ্য বিক্রেতা সুপারমার্কেট লিডলের জন্য ওই কারখানায় দেড় লাখ জোড়া জিন্স ডাংরি তৈরি করা হচ্ছিল। এজন্য হা মীম স্পোর্টসওয়্যারের কারখানায় শ্রমিকদের টানা সাড়ে ১৯ ঘণ্টা কাজ করানো হয়।
নিজেদের পোশাক বানানোর জন্য শ্রমিকদের এভাবে অতিরিক্ত সময় কাজ করানোর বিষয়টি জানারপর লিডল বলছে, এ বিষয়ে তাদের নিজস্ব তদন্ত চলছে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান লিডলের মুখপাত্র।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে পোশাক কর্মীদের কর্মপরিবেশ ও জীবনমানের উন্নয়নে তারা ৬০ লাখ ডলারের বেশি বিনিয়োগ করেছে।
বিবিসির প্রতিবেদক রিচার্ড বিলটন দাবি করেন, বাংলাদেশি পোশাক শ্রমিকদের কারখানার মধ্যে আটকে রেখে সাড়ে ১৯ ঘণ্টা কাজ করানো হয়। আর তার বিনিময়ে তারা মাত্র আড়াইশ’ টাকার মতো আয় করেন।
তিনি বলেন, প্রধান ফটকে তালা লাগানোয় কারখানায় আগুন লাগলে শ্রমিকরা ভিতরে আটকা পড়ে সবাই মারা যাবে।
অবশ্য হা মীম গ্রুপের পক্ষ থেকে বিবিসি প্রতিবেদকের বক্তব্য নাকচ করে বলা হয়েছে তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’।
গত নভেম্বরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানি এবং রানা প্লাজা ধসে ১১শ’র বেশি মানুষ নিহত হওয়ার পর বাংলাদেশের পোশাক কর্মীদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়।
