২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অশুভ শক্তির অপতৎপরতা রোধ করতে হবে’

দেশের উদীয়মান গার্মেন্টস সেক্টর ও পার্বত্য চট্টগ্রামকে ঘিরে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল ফায়দা লোটার পাঁয়তারা করছে এবং অশুভ তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

বাংলাদেশ বহু উন্নত দেশের ঈর্ষার কারণ। তাই বাংলাদেশের অর্জনকে বাঁচিয়ে রাখতে হলে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে বলে তিনি মনে করেন।

মঙ্গলবার দুপুরে ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়ক ও টঙ্গী-পাঁচদোনা সড়ক পরিদর্শনকালে নরসিংদীর ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন টোল প্লাজায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার যে অস্বস্তিকর চাপ, সেটাই বিএনপিকে নির্বাচনমুখী করবে।

তিনি বলেন, অশুভ শক্তির অপতৎপরতা রোধ করার জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার বিকল্প নেই।

সে লক্ষ্যে সরকারি ও বিরোধীদলকে একযোগে কাজ করতে হবে, বলেন তিনি।

নির্বাচন নিয়ে দুদলের সংলাপ সম্পর্কে তিনি বলেন, সংলাপে বসতে হলে মনটা পরিষ্কার রাখতে হয় এবং উদ্দেশ্যটা সৎ থাকতে হয়। সংলাপের নামে লোক দেখানো খেলাটা মানুষ পছন্দ করে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মোহর আলী, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ।