বরগুনায় উপনির্বাচনের দিন ছুটি
উপনির্বাচন উপলক্ষে বরগুনা-২ আসনে আগামী ৩ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, উপ-নির্বাচনের দিন নির্বাচনী এলাকার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।
তবে এসব নির্বাচনী এলাকায় ওইদিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বরগুনা-২ আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য গোলাম সবুর টুলু।
পাথরঘাটা, বেতাগী ও বামনা- এ তিন উপজেলা নিয়ে বরগুনা-২ সংসদীয় আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৭৫৭ এবং নারী ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন।
বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পাথরঘাটা উপজেলার চেয়ারম্যান শওকত হাচানুর রহমান রিমন।
