চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের দাবি
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের দাবিতে চার দফা জানিয়েছে রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে ৩ অক্টোবর নগরীতে ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা।
সোমবার চট্টগ্রাম শহীদ মিনারে সমাবেশ থেকে চার দফা দাবি জানিয়ে এ হুমকি দেন প্যাডেলচালিত রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা।
চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ এবং চট্টগ্রাম অটোরিক্সা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করে।
চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- নগরী থেকে অবিলম্বে ব্যাটারিচালিত ‘অবৈধ’ রিকশা উচ্ছেদ, সাত দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা তৈরির কারখানা সিলগালা ও মালামাল জব্দ করা।
তাদের বাকি দুটি দাবি হচ্ছে- সিটি কর্পোরেশন নিবন্ধিত ৩৫ হাজার রিকশা লাইসেন্স নবায়নের তারিখ ঘোষণা, মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী নতুন লাইসেন্সবিহীন রিকশা থেকে নতুন করে ৩৫ হাজারকে লাইসেন্স দেয়া, অটোরিক্সা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের তালিকা থেকে অটো রিকশাচালকদের মধ্য থেকে চার হাজার জনকে অটো রিকশার লাইসেন্স দেয়া।
সমাবেশে বক্তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সড়ক প্রশস্তকরণ এবং উড়ালসেতু নির্মাণ প্রকল্পে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আগামী সাত দিনের মধ্যে দুর্ভোগ অবসানে পদক্ষেপ নেয়া না হলে চউক ভবন ঘেরাওয়ের হুমকি দেন।
চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠক ওয়াজি উল্লাহ, শ্রমিক নেতা হারুনুর রশীদ, আলী আকবর, সামসুল ইসলাম, শাহ আলম হাওলাদার প্রমুখ।
সমাবেশ শেষে মেয়র ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেয়া হয়।
এদিকে সমাবেশ চলাকালে শহীদ মিনারের বিপরীতে পাশে অবস্থিত মুসলিম হলে করপোরেশন পরিচালিত একটি বালিকা বিদ্যালয়ের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম মেয়র এম মনজুর আলম।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, “ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে হাই কোর্টে একটি রিট আছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।”
