চট্টগ্রামে গার্মেন্টসের খোয়া যাওয়া ৪৫ লাখ টাকা উদ্ধার
চট্টগ্রামে একটি বিদেশি পোশাক কারখানার খোয়া যাওয়া কোটি টাকার মধ্যে ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই কারখানার এক কর্মকর্তা এবং গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার চট্টগ্রাম নগর পুলিশের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, রোববার রাতে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে গাড়ি চালক নুরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর রাতে নগরীর খুলশী আবাসিক এলাকা থেকে কর্ণফুলী ইপিজেডের বিদেশি কারখানা গিভি বিডি লিমিটেডের শ্রমিকদের বেতনের এক কোটি ১৫ লাখ টাকা ভর্তি কার্টন নিয়ে নুরুল ইসলাম উধাও হয়ে যান।
এরপর কারখানার ব্যবস্থাপক শ্রীলঙ্কার নাগরিক প্রসন্ন সাঁই বাদি হয়ে নগরীর খুলশী থানায় মামলা করেন।
এ ঘটনায় কয়েকদিন আগেই কারখানার প্রশাসনিক কর্মকর্তা গোলাম ফয়সাল ইভানকে (২৭) গ্রেপ্তার করা হয়।
পুলিশ কমিশনার বলেন, ফয়সাল ইভানের যোগসাজশে গাড়িচালক নুরুল ইসলাম ওই টাকা আত্মসাৎ করেন।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে ইভান টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক কক্সবাজারের কলাতলী ঝিরঝিরি পাড়া এলকা থেকে নুরুল ইসলামকে ৪৫ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
বাকি টাকা ইভানের লোকজনের কাছে রয়েছে এবং এ টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ কমিশনার শফিকুল।
সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, কর্মচারীদের বেতন দেয়ার জন্য এইচএসবিসি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে এক কোটি ১৫ লাখ টাকা উত্তোলন করেন কোম্পানির ম্যানেজার প্রসন্ন সাঁই।
তিনি টাকাগুলো কার্টনে ভর্তি করে তার ব্যক্তিগত গাড়িতে করে নগরীর খুলশী আবাসিক এলাকায় নিজের বাসায় যান। কার্টনটি নিয়ে চালককে তার বাসায় আসতে বলে তিনি সিঁড়ি বেয়ে দোতলার বাসায় উঠে যান।
এরপর ওই কার্টন নিয়ে গাড়িচালক নুরুল ইসলাম পালিয়ে যায়।
