জামিন পেলেন মুফতি ইজাহারুল
দুদকের মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী।
হেফাজত নেতা ইজাহারুলের ছেলে মুফতি হারুন ইজাহার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার তার বাবার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেয়।
সম্পদের হিসাব বিবরণী জমা দেয়ার নোটিশ প্রত্যাখ্যান এবং তার জবাব না দেয়ায় গত ১৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক সিরাজুল হক খুলশী থানায় মুফতি ইজাহারের বিরুদ্ধে মামলাটি করেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উচ্চ আদালতে মুফতি ইজাহারের পক্ষে শুনানি করেন।
