মাদারীপুরে অস্ত্র ও মাদক মামলায় ৩ জনের সাজা
অস্ত্র ও মাদকের দুটি পৃথক মামলায় তিনজনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়েছে মাদারীপুরের দুটি আদালতে।
সোমবার স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক নূরুল ইসলাম অস্ত্র মামলায় এবং স্পেশাল ট্রাইবুন্যাল-৩ এর বিচারক মিজানুর রহমান মাদক মামলার রায় ঘোষণা করেন।
অস্ত্র আইনে ১৪ বছরের সাজা হয় জাহাঙ্গীর হাওলাদারের (৩৪) এবং মাদক ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত দুজন হলেন হেলালউদ্দিন সরদার (৩৪) ও আমিনুল ইসলাম রুবেল (৩০)। মাদক মামলায় দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে।
দণ্ডিত তিনজনই পলাতক বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পী জানিয়েছেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে মামলা দুটি মাদারীপুরের দুটি বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। এই রায়ে আমরা খুশি।”
মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ২৫ এপ্রিল রাতে মাদারীপুর র্যাব-৮ এর একটি দল টহল দেওয়ার সময় সদর উপজেলার মস্তফাপুর থেকে এক ব্যক্তিকে আটক করে।
পরে একটি পাইপ গানসহ ঘটকচর গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলদারকে গ্রেপ্তার করা হয়।
পরদিন এই ঘটনায় র্যাবের এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে ২০১০ সালের ১ এপ্রিল মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা হেলালউদ্দিন সরকার ও মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট গ্রামের আমিনুল ইসলাম রুবেলকে ১৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পুলিশ গ্রেপ্তার করে।
পরদিন শিবচর থানার এসআই নূর হোসেন বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
