বকেয়া বেতনের দাবিতে বিকেএমইএ কার্যালয় ঘেরাও
বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিকেএমইএ প্রধান কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চাষাঢ়া এলাকায় বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে ফতুল্লার লালপুরের টেক্স টেক উন্ড মেয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা।
পরে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে টেক্স টেক উন্ড মেয়ার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকর বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বিকেএমইএ প্রধান কার্যালয় ঘেরাও করে।
এক পর্যায়ে তারা বিকেএমইএ কার্যালয়ের সামনের সড়কে বসে পড়ে। দেড়ঘণ্টা তারা সেখানে অবস্থান করে।
পরে পুলিশ গিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা দুপুর দেড়টার দিকে সরে যায়।
নারায়ণরাগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা সরে যায়।
বিকেএমইএ লেবার অ্যান্ড অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জিএম ফারুক বলেন, অনেকদিন ধরে কারখানাটিতে সমস্যা চলছে। সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে।
