শ্রীমঙ্গলে খাবার বিক্রেতাকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক খাবার বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।
রোববার রাতে ভূনবীর ইউনিয়নের আঐ গ্রামে এ হামলায় নিহত সায়েদুর রহমান (২৬) ওই গ্রামের দরবেশ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীমঙ্গল থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় গ্রামের চুনু মিয়ার মেয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী হবিগঞ্জের বাহুবল উপজেলার হীরার (২৮) সঙ্গে পালিয়ে যায়।
হীরা এবং তার বন্ধু সায়েদুর রহমান রিকশাভ্যানে করে খাবার বিক্রি করেন।
রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম পাড়ায় সায়েদুরের কাছে পালিয়ে যাওয়া মেয়েটি এবং হীরার সম্পর্কে জানতে চান মেয়েটির বড়ভাই আরজু মিয়া।
এ নিয়ে সায়েদুর ও আরজুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আরজু তার হাতে থাকা দা দিয়ে সায়েদুরের ঘাড়ে কোপ দিয়ে এবং পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সায়েদুরের মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই জাহাঙ্গীর।
