বাঁচানো গেল না নজরুলকেও
যুদ্ধাপরাধের মামলার রায়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর হরতালে পিকেটারদের দেয়া আগুনে দগ্ধ আরেক চালকের মৃত্যু হয়েছে হাসপাতালে।
নজরুল আজিমপুর-গাজীপুর রুটের ভিআইপি পরিবহনের (২৭ নম্বর) চালক ছিলেন। তার বাড়ি গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায়।
যুদ্ধাপরাধের দায়ে আপিল বিভাগ আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর ১৮ ও ১৯ সেপ্টেম্বর হরতাল ডাকে জামায়াতে ইসলামী। হরতালের দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবার গাজীপুরের ভোগড়া বাইপাস সড়কে নজরুলের বাসে আগুন দেয় জামায়াত-শিবিরের পিকেটাররা। এতে বাসচালক নজরুলসহ অন্তত আটজন আহত হন।
পুলিশ বলছে, ঘটনার দিন চান্দনা চৌরাস্তা থেকে ওই বাসে কয়েকজন শিবিরকর্মী যাত্রীবেশে ওঠে। বাসটি ভোগড়া বাইপাসের উত্তরে পৌঁছলে তারা বাসে কেরোসিন ও পেট্রোল ঢেলে আগুন দিয়ে নেমে যায়।
চালকের সিট থেকে নজরুলের শরীরে আগুন ধরে যায়। তিনি বাস থামিয়ে বেরিয়ে গেলে আশপাশের লোকজন তার শরীরের আগুন নেভায়। পরে ফায়ার ব্রিগেড ও স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাসচালককে হাসপাতালে পাঠায়।
এর আগে গত রোববার বিকেলে মারা যান বগুড়ার দগ্ধ ট্রাক চালক শামসুল হক।
হরতালের প্রথম দিন বুধবার রাতে সার বোঝাই ট্রাক নিয়ে ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে শেরপুরের দশ মাইলের ঈদগাহ মাঠের কাছে পিকেটারদের হামলার শিকার হন তিনি। হরতালকারীরা পেট্রোলভর্তি প্লাস্টিকের বোতলে আগুন দিয়ে ছুড়ে মারলে শামসুল হকের পোশাক ও ট্রাকের ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
