গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে তালা
আদালতের নিষেধাজ্ঞা সত্বেও শিক্ষক নিয়োগের প্রতিবাদে রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
শুক্রবার উপাধ্যক্ষসহ ছয় শিক্ষক ও এক কর্মচারীকে নিয়োগ দেয়া হয়।
সকালে ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে উপজেলা ছাত্রলীগ ও শিক্ষক কর্মচারীরা সাত দিনের মধ্যে নিয়োগকৃত সকল শিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিলের দাবি জানানো হয়।
সাত দিনের মধ্যে এ নিয়োগ বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়া হয়।
কলেজের শিক্ষক মাফরুহা পারভিন ছন্দা জানান, সরকার দলীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী একই সংগে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজ, কামদিয়া নুরুল হক কলেজ, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি।
গোবিন্দগঞ্জ কলেজের ২৬ জন শিক্ষক অত্র কলেজের বিভিন্ন অনিয়ম ও শিক্ষক নিয়োগ নিয়ে হাই কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। গত ১৪ অগাস্ট গোবিন্দগঞ্জ কলেজের নিয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করে হাই কোর্ট।
এছাড়া কোন বিধান বলে জাতীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী অত্র কলেজের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
গোবিন্দগঞ্জ কলেজের বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ প্রদানের উপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়।
কলেজটির পরিচালনা পর্ষদ গত শুক্রবার উপাধ্যক্ষ, রাষ্ট্র বিজ্ঞান, ইসলামের ইতিহাস, বাংলা, ইংরেজি ও ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক এবং একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ প্রদান করে।
রোববার নির্বাচিত প্রার্থীদের মধ্যে উপাধ্যক্ষ ছাড়া বাকি সবাই কলেজে যোগদান করেন।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণ চন্দ্র পাল ও কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি সরকার দলীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর সংগে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।
