২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবহাটায় ২৫ জামায়াত-শিবিরকর্মী আটক

হামলা চালিয়ে দুজনকে আহত করার ঘটনায় পুলিশ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ২৫ কর্মীকে আটক করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 09:33 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

শনিবার রাতে ‘জামায়াত ও শিবিরের’ হামলায় এক ইউপি সদস্যসহ দুজন আহত হওয়ার পর পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় বিজিবি তাদের সহায়তা করে।

রোববার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

দেবহাটা থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের সাতক্ষীরা সদর থানায় রাখা হয়।

তিনি জানান, আকটি হত্যা মামলায় আসামি ধরার জন্য শনিবার রাতে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। তাদের সঙ্গে অভিযানে থাকা সখিপুর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ড সদস্য ধোপাডাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন (৩৫) ও তার সহযোগী একই গ্রামের আকিমুল ইসলাম (৩৭) রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

তাদের প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে আকিমুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা সদর থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, অটকরা থানা হেফাজতে রয়েছেন।