চোর সন্দেহে পিটিয়ে মারলো চুয়েট ছাত্ররা
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
নিহত বাচা মিয়া (৩৫) চট্টগ্রামের রাউজান থানার পাহাড়তলী খান পাড়ার খায়ের আহমদের ছেলে।
রোববার ভোরে চুয়েটের শহীদ মোহাম্মদ শাহ হলে তিনি ছাত্রদের পিটুনির শিকার হন বলে জানিয়েছেন রাউজান থানার ওসি এনামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভোরে ছাত্রাবাসে চুরি করতে যায় বাচা। এসময় হলের ছাত্ররা তাকে গণপিটুনি দেয়।”
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাউজান থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত অবস্থায় বাচাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “তার শরীরে ছুরির আঘাত রয়েছে।”
