২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর নিউ মার্কেটে দোকান ভাড়া ৮৯ টাকা

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন যশোর নিউমার্কেটে মাসিক দোকান ভাড়া মাত্র ৮৯ টাকা। পাঁচ বছর ধরে সেই ভাড়াও দিচ্ছেন না ইজারা নেয়া দোকানদাররা।

যশোর প্রতিনিধি

শিকাদার খালিদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 04:38 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

হাই কোর্টের আদেশে দোকনদাররা সরকারকে ভাড়া দেয়া বন্ধ রাখলেও নিজেরা অন্যের কাছে তা ভাড়া দিয়ে আয় করছেন হাজার হাজার টাকা।

গৃহায়ন কর্তৃপক্ষের যশোর অফিসের প্রশাসনিক কর্মকর্তা মাসউদ রেজা জানান, নতুন উপশহরের খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় ১৯৬২ সালে তৎকালীন হাউজিং কর্তৃপক্ষ মার্কেটটি নির্মাণ করে। মার্কেটের ৬৬টি দোকানের প্রতিটির মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ৮৯ টাকা।

তিনি বলেন,  ৪৬ বছর পর ২০০৮ সালে দোকান ভাড়া বাড়ানোর উদ্যোগ নেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ওই বছরের ১ জুলাই মার্কেটের সামনের ৯টি দোকানের প্রতিটির মাসিক ভাড়া ১ হাজার ৪৪০ টাকা ও ভেতরের ৫৭টি দোকানের প্রতিটির ভাড়া ৭৫০ টাকা করা হয়।

এ সিদ্ধান্ত মেনে নেননি মার্কেটের দোকান মালিকরা। ভাড়া কমানোর দাবি তুলে তারা ২০১০ সাল পর্যন্ত ভাড়া দেয়া বন্ধ রাখেন এবং ওই বছরই হাই কোর্টে একটি রিট করেন।

এ রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট ভাড়া আদায়ের উপর স্থগিতাদেশ জারি করে।

তিনি অভিযোগ করেন, অথচ দোকান মালিকরা প্রতিটি দোকান লাখ লাখ টাকা অগ্রিম (এডভান্স) নিয়ে মাসিক ৫ থেকে ৭ হাজার টাকায় ভাড়া দিয়েছেন। অপরদিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রতি মাসে ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে।

মাসউদ রেজা বলেন, এ মাকের্টের একটি দোকান ভাড়া বাবদ অগ্রিম নেয়া হয়েছে আট লাখ টাকা এবং দোকানটির মাসিক ভাড়া ১২ হাজার টাকা।

আরেকটি দোকান থেকে অগ্রিম নেয়া হয় ১৫ লাখ টাকা এবং প্রতিমাসে ভাড়া নেয়া হচ্ছে ১৫ হাজার টাকা।

বিপণি বিতানের ভেতরের অংশের দোকানগুলো থেকে অগ্রিম নেয়া হয়েছে চার লাখ টাকা করে। মাসিক ভাড়া নেয়া হয় ২ হাজার টাকা করে।

মার্কেট কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন মিল্টন বলেন, হাউজিং কর্তৃপক্ষ ভাড়া বৃদ্ধি আইন না মেনে দোকানের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। তাদের ইচ্ছামতো ভাড়ার বোঝা দোকানদারদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা চালায়।

তাই রিট করলে হাই কোর্ট ভাড়া আদায় ও ভাড়া বাড়ানো স্থগিত করে দেয়।