পার্বতীপুরে হরতাল, ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
যুবদল ও ছাত্রদলের হরতালে দিনাজপুরের পার্বতীপুরে জংশনে অবরোধ করায় কয়েকটি রুটে চারঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
এর আগে পিকেটাররা রেলওয়ে জংশনে ভাংচুর করে। সিগন্যাল নিয়ন্ত্রণ কক্ষের চাবি ছিনিয়ে নিয়ে দুপুরে আবার ফেরত দেয়। সকাল ৭টায় বগুড়াগামী একটি ট্রেনের হোসপাইপ কেটে ফেলে।
রেলের জমিতে একটি বাড়ি দখলকে কেন্দ্র করে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা রবিউল ইসলাম বাবুল (৩০) নিহত হওয়ার পর যুবদল ও ছাত্রদল রোববার পার্বতীপুরে আধাবেলা হরতাল ডাকে।
সকাল থেকে পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় অবরোধ ও রাস্তায় অগ্নিসংযোগ করে রাস্তা বন্ধ করা হয়। বাস-ট্রাকসহ সকল প্রকার যানচলাচল বন্ধ থাকে। দোকানপাটও বন্ধ ছিল।
সকালে হরতাল সমর্থকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি জিপ, রেল স্টেশনের ৬টি রুমের কাঁচসহ শহরের বিভিন্ন স্থানে যানবাহনে ভাংচুর চালায়।
রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল সমর্থকরা পার্বতীপুর রেলওয়ে জংশনের বিভিন্ন অফিস ভাংচুর করে এবং সুইচ কেবিনের চাবি নিয়ে যায়। দুপুর ১টায় চাবিটি ফেরত পাওয়া যায়।
তিনি বলেন, সকাল ১০টায় হরতাল সমর্থকরা রেললাইনের উপর অবস্থান নিলে ছয়টি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রেলওয়ে জংশনের উভয় পাশে ছয়টি ট্রেন আটকা পড়ে।
এতে দিনাজপুর-ঢাকা, দিনাজপুর-রংপুর, দিনাজপুর-রাজশাহী, নীলফামারী-খুলনাসহ ছয়টি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পার্বতীপুর রেল থানার ওসি সাজু মিয়া জানান, বেলা ২টার পর ট্রেন চলাচলসহ জনজীবন স্বাভাবিক হয়
শনিবার রাতে নিহত বাবুল পৌর এলাকার ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
গভীর রাতে সংবাদ সম্মেলন করে যুবদল নেতা হত্যার প্রতিবাদে যুবদল ও ছাত্রদল রোববার পার্বতীপুরে অর্ধদিবস হরতালের ঘোষণা দেয়।
