সুন্দরবনে বনদস্যু-কোস্টগার্ড ‘বন্দুকযুদ্ধ’, অস্ত্র উদ্ধার
সুন্দরবনে আলিফ বাহিনী নামে পরিচিতি দস্যু বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর অস্ত্র ও অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মাজেদুল হক জানান, রোববার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার কয়রা উপজেলার মরাকাগা খাল এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।
উদ্ধার হওয়া জেলে আসাদুল ইসলাম (৩৫) কয়রা উপজেলার গোলখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তবে এ ঘটনায় কোনো বনদস্যুকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
“এক পর্যায়ে আলিফ বাহিনীর সদস্যরা বনের মধ্যে পালিয়ে যায়। এরপর কোস্টগার্ড ওই এলাকায় তল্লাশি চালিয়ে মুক্তিপণের দাবিতে আটক এক জেলেসহ ফেলে যাওয়া কুড়িটি আগ্নেয়াস্ত্র ও ৩১০টি গুলি উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে চারটি একনলা বন্দুক, ছয়টি এলজি, পাঁচটি পাইপগান ও পাঁচটি ওয়ান শ্যুটারগান রয়েছে বলে তিনি জানান।
