রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’
রাজধানীর মালিবাগ বাগানবাড়ি এলাকার একটি বাড়ি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতের নাম রিপন কর্মকার (২৪)।
রমনা থানার এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিবাগ বাগানবাড়ির এলাকার ৫০৩ নম্বরের একটি চারতলা বাড়ির একতলার একটি রুমে ভাড়া থাকতেন রিপন।
তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
খবর পেয়ে শনিবার বিকেল ৫টায়র দিকে রমনা থানা ঘটনাস্থল গেলে নিচতলার কক্ষটি বন্ধ দেখতে পায় পুলিশ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিপনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, লাশের গন্ধ দেখে মনে হয়েছে ঘটনাটি অন্তত দুইদিন আগে ঘটেছে।
চারতলা বাড়িটির মালিক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিপনের গ্রামের বাড়ি ছিল কুমিল্লা। কয়েক বছর ধরে সে এ বাড়িটির নিচ তলার একটি রুম ভাড়া নিয়ে থাকতো।
তার বড় ভাই সুমন কর্মকার গুলশানে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বলে পুলিশ জানিয়েছে।
