টঙ্গীতে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
গাজীপুরের টঙ্গীতে এলাকাবাসীর পিটুনিতে এক ‘ছিনতাইকারী’ নিহত হয়েছে।
টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, টঙ্গীর স্টেশন রোডের রেলক্রসিং এলাকায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
কালো টি-শার্ট ও কালো ফুল প্যান্ট পরা আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে এক পথচারীর কাছ থেকে টাকা-মোবাইল ছিনতাইয়ের সময় স্থানীয়রা ওই যুবককে আটক করে পিটুনি দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
