রংপুরে মহাসড়ক অবরোধ
দুর্ঘটনায় এক চিকিৎসকের মৃত্যুর পর রংপুর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অবরোধে আড়াই ঘণ্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল দিনাজপুরসহ উত্তরাঞ্চলরের কয়েকটি জেলা।
শনিবার সকাল ১১টায় মহাসড়কের মেডিকেল মোড় এলাকায় অবস্থান নেয় মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী। দেড়টা পর্যন্ত অবরোধ ছিল তাদের।
রংপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের কারণে ঢাকার সঙ্গে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে সড়কের দুই পাশে আটকে পড়ে কয়েকশ’ যানবাহন।
অবরোধ শুরুর পর ওসি শাহাবুদ্দিন বলেন, “রাজধানীর সঙ্গে সংযোগের একমাত্র মহাসড়কের দুপাশেই দীর্ঘ জট লেগে যায়।”
গত ১৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী নিবন্ধক ডা. ইশতিয়াক তাহসিন। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান তিনি।
এরপর মেডিকেল কলেজ খোলার প্রথম দিনেই ক্লাস বাদ দিয়ে সড়কে নেমে আসে শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা দায়ী গাড়িচালকের শাস্তির দাবিসহ নিরাপদ সড়কের দাবি জানান।
এই কর্মসূচির সঙ্গে সংহতি জানায় বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের রংপুর শাখা।
অবরোধ শেষে রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি দেয়া হয়েছে। সেখানে সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর বিভাগীয় সহ-সভাপতি ও বিএমএ রংপুর শাখার সভাপতি ডা. দেলোয়ার হোসেন।
অবস্থান কর্মসূচি চলাকালে মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জাকির হোসেন, বিএমএ রংপুর শাখার সাধারণ সম্পাদক ডা. অনিমেষ মজুমদার, ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক শামিউল ফাহাদ রিফাত, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রেজানুর রহমান মিরাজ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রধান সুমন, নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান আলী বক্তব্য রাখেন।
গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কলেজ থেকে হেঁটে বাড়ি যাওয়ার পথে সেনানিবাস চেকপোস্টের পাশে একটি ট্রাকের ধাকায় গুরুতর আহত হয়েছিলেন তাহসিন। ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. ইশতিয়াক রংপুর বেতারের প্রাক্তন আঞ্চলিক পরিচালক আবু জাফর আব্দুল্লাহর একমাত্র ছেলে। তার বাড়ি নগরী সাতগাড়া মিস্ত্রিপাড়ায় পুলিশ ট্রেনিং সেন্টারের পাশে।
